ডেইলিদর্পণ ডেস্ক
প্রকাশ: ২১:৫৮, ২১ জুন ২০২৬
ছবি- সংগৃহীত
পেশাদার ফুটবলাররা অবসরে কোচিং অথবা ধারাভাষ্য পেশায় জড়িয়ে যান। কিন্তু মরক্কোর তারকা ফুটবলার নুসাইর মাজরাউইয়ের পরিকল্পনা একেবারেই ভিন্ন। সবুজ গালিচার মায়া ত্যাগ করে জীবনের পরবর্তী অধ্যায়ে তিনি নিজেকে দেখতে চান ধর্মীয় শিক্ষার জগতে—একজন হাফেজে কোরআন এবং ইমাম হিসেবে।
২৮ বছর বয়সী মাজরাউই বর্তমানে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড এবং মরক্কো জাতীয় দলের রক্ষণের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। একজন ডিফেন্ডার হিসেবে ২৮ বছর বয়সকে সাধারণত ক্যারিয়ারের সেরা বা সবচেয়ে পরিপক্ব সময় বলেই ধরা হয়। অথচ ক্যারিয়ারের এই চূড়ায় অবস্থান করেই অবসরের মতো কঠিন চিন্তাভাবনা করছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই তারকা নিজেই জানিয়েছেন, আগামী ২০২৬ বিশ্বকাপের পর পেশাদার ফুটবলকে চিরতরে বিদায় জানানোর প্রবল সম্ভাবনা রয়েছে তার। কারণ, জীবনের বাকি সময়টা তিনি পুরোপুরি ধর্মীয় শিক্ষা অর্জন এবং আত্মিক উন্নয়নের পেছনে ব্যয় করতে চান।
মাজরাউই অকপটেই স্বীকার করেছেন, ফুটবল তাকে দুহাত ভরে দিয়েছে। খ্যাতি, অর্থ, সাফল্য- সবকিছুরই স্বাদ পেয়েছেন তিনি। কিন্তু জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজতে গিয়ে তার উপলব্ধি হয়েছে, আধ্যাত্মিক চর্চার জন্য এখন আরও বেশি সময় দেওয়া প্রয়োজন। নিজের এই ভিন্নধর্মী স্বপ্নের কথা জানাতে গিয়ে মাজরাউই বলেন, ‘বিশ্বকাপের পরই হয়তো অবসরের সিদ্ধান্ত নিতে পারি। আমাদের জীবন আসলে খুবই ছোট। আমি পবিত্র কোরআন মুখস্থ করতে চাই। পাশাপাশি ভবিষ্যতে মসজিদের ইমাম হওয়ারও প্রবল ইচ্ছা আছে আমার।’
মরক্কোর এই তারকার কথায় স্পষ্ট, ফুটবলের বর্ণিল জগতের চেয়ে তার কাছে এখন ধর্মীয় জ্ঞান অর্জন এবং আধ্যাত্মিক প্রশান্তিই বেশি গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ কোরআন বুকে ধারণ করে মিম্বরে দাঁড়িয়ে ইমামতি করার যে স্বপ্ন তিনি বুনছেন, তা হয়তো খুব দ্রুতই বাস্তবে রূপ নিতে যাচ্ছে।