শাহরিয়ার ফারুকি, জাবি প্রতিনিধি
প্রকাশ: ২২:৪১, ১৯ নভেম্বর ২০২৬
ছবি: ডেইলি দর্পণ
শীতের আগমনে প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নতুন রূপ ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাস। সবুজ গাছপালা, কুয়াশাচ্ছন্ন সকাল, লাল শাপলার লেক আর পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। শীতের এই নান্দনিক পরিবেশে বাড়তি মাত্রা যোগ করেছে মৌসুমি পিঠার আয়োজন। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জমে উঠেছে শীতকালীন পিঠার আসর। গরম পিঠার সুবাস আর শিক্ষার্থীদের আড্ডায় প্রতিদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মুখর থাকছে এসব পিঠার দোকান।
শীতের হাওয়া বইতে না বইতেই ক্যাম্পাসের বাতাসে ছড়িয়ে পড়ে গরম পিঠার সুবাস। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেই ক্যাম্পাসের বিভিন্ন মোড়ে শুরু হয় পিঠা তৈরির ব্যস্ততা। বিশ্ববিদ্যালয়ের বটতলা, শেরেবাংলা হলসংলগ্ন মোড়, শহীদ রফিক-জব্বার চত্বর, জেনারেটর বাজার, শহীদ সালাম-বরকত হলের মধ্যবর্তী ঐতিহ্য ডটকম এলাকা, আল-বেরুনী হল, বেগম খালেদা জিয়া হল এবং স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন এলাকাসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বসেছে পিঠার দোকান। বিকেল থেকে রাত প্রায় ১০টা পর্যন্ত এসব দোকানে পাওয়া যাচ্ছে নানা স্বাদের শীতকালীন পিঠা।
পিঠার দোকানগুলোর প্রধান আকর্ষণ ভাপা ও নারকেল পিঠা। স্থানভেদে প্রতিটি পিঠার দাম ১৫ থেকে ২০ টাকা। এ ছাড়া মাংস পিঠা, সিকিন পিঠা, চিতই পিঠা, তেলের পিঠা ও পাটিসাপটাসহ বিভিন্ন ধরনের পিঠারও চাহিদা রয়েছে। পিঠার পাশাপাশি দোকানগুলোতে পাওয়া যাচ্ছে ফুলকপি ভাজি, আলুর চপ ও পেঁয়াজু। বিভিন্ন ধরনের মসলা ও ভর্তার সঙ্গে এসব খাবারের স্বাদ উপভোগ করছেন ক্রেতারা।
দোকানগুলোতে ভাপা ও মাংস পিঠা প্রতিটি ২০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া সিকিন পিঠা ২০ টাকা, চিতই পিঠা ১০ টাকা, তেলের পিঠা ১০ টাকা, ফুলকপি ভাজি ১০ টাকা এবং পেঁয়াজু ৫ টাকায় পাওয়া যাচ্ছে।
শুধু শিক্ষার্থীরাই নন, পিঠার স্বাদ নিতে এসব দোকানে ভিড় করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বহিরাগত দর্শনার্থীরাও। সারা বছর ছুটির দিনে ক্যাম্পাসে দর্শনার্থীদের আনাগোনা থাকলেও শীতকালে তা আরও বেড়ে যায়। শীতের অতিথি পাখি দেখার পাশাপাশি মৌসুমি পিঠার স্বাদ নিতে অনেকেই পরিবার ও বন্ধুদের নিয়ে ক্যাম্পাসে আসেন। ফলে পিঠার দোকানগুলোতে তৈরি হচ্ছে উৎসবমুখর পরিবেশ।
পিঠার দোকানগুলোতে ক্রেতাদের আগ্রহ যেমন বাড়ছে, তেমনি এসব অস্থায়ী দোকানের মাধ্যমে আয়ের সুযোগ তৈরি হয়েছে বিক্রেতাদের জন্য। তবে প্রতিযোগিতা বাড়ায় প্রত্যাশিত লাভ করতে পারছেন না কেউ কেউ। এমনই একজন অস্থায়ী দোকানমালিক মালা বেগম।
নিজের ব্যবসার অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আমার গ্রামের বাড়ি সিলেট। আগে একটি হোটেলে কাজ করতাম। কিন্তু সেই বেতনে বাসাভাড়া দিয়ে চলা যাচ্ছিল না। তাই ১০ দিন আগে পিঠার ব্যবসা শুরু করেছি। আমার দোকানে সবচেয়ে বেশি চলে চিতই পিঠা। শুরুতে কোনো কোনো দিন ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকা বিক্রি হতো। কিন্তু পাশে আরও দুটি দোকান হওয়ায় এখন দিনে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকার বেশি বিক্রি হয় না। এতে শুধু পণ্যের খরচটুকু ওঠে, লাভ থাকে না।’
শীতকাল মানেই প্রকৃতিতে রুক্ষতা, গাছের পাতা ঝরে যাওয়া আর কুয়াশায় মোড়ানো সকাল। তবে এই শীতের অন্যতম আনন্দের অনুষঙ্গ হলো পিঠা। গ্রামবাংলায় শীতের আগমন মানেই খেজুরের রস, পিঠা তৈরির ধুম আর পরিবারের সদস্যদের সঙ্গে একসঙ্গে বসে খাওয়ার আনন্দ। কিন্তু ব্যস্ত নগরজীবনে খাঁটি খেজুরের রস পাওয়া যেমন কঠিন, তেমনি গ্রামীণ সেই পিঠা উৎসবের পরিবেশও অনেকের কাছে স্মৃতির অংশ হয়ে আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পিঠার দোকানগুলো সেই স্মৃতিই কিছুটা ফিরিয়ে আনছে। গ্রামের বাড়িতে সারারাত পিঠা তৈরি, খেজুরের রসে ভেজানো পিঠা আর সকালে পরিবারের সবাই মিলে তা খাওয়ার স্মৃতি শিক্ষার্থীদের মনে নতুন করে জাগিয়ে তুলছে এসব আয়োজন।
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহাদী বলেন, ‘জাহাঙ্গীরনগরে শীত মানে শুধু কুয়াশা আর ঠান্ডা বাতাস নয়, এর সঙ্গে যুক্ত হয় বটতলা ও রাস্তার মোড়ের পিঠার আয়োজন। বাড়ি থেকে দূরে থাকা শিক্ষার্থীদের কাছে এসব পিঠা শীতের স্মৃতি জাগিয়ে তোলে এবং বাড়ির অভাব কিছুটা ভুলিয়ে দেয়। বন্ধুরা দল বেঁধে পিঠা খেতে যায়। দেশের নানা অঞ্চল থেকে আসা শিক্ষার্থীরা এখানে বিভিন্ন ধরনের পিঠার স্বাদ পান, যা সত্যিই অতুলনীয়। তাই শীত ও জাহাঙ্গীরনগর যেন একে অপরের পরিপূরক।’
উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মায়া বর্ষাও শীতকালীন পিঠা নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন। তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই দেখে আসছি, শীতকাল এলে আমাদের কাছে পিঠা একটা উৎসবের মতো হয়ে যায়। আমার দাদি অনেক সুন্দর সুন্দর পিঠা বানাতেন। প্রতিবার নানা ধরনের পিঠা তৈরি হতো। আমাদের গ্রামে সবচেয়ে পরিচিত ভাপা পিঠা। সবাই উৎসবের মতো চাল তুলত, পিঠা বানাত, তারপর সবাই মিলে খেত। শহরে আসার পর দেখছি, ভাপা পিঠার ধরন অন্যরকম, কিন্তু মানুষের আগ্রহ আরও বেশি।’
সব মিলিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শীতকালীন পিঠার দোকানগুলো এখন শুধু খাবারের স্থান নয়, বরং ক্যাম্পাসের শীতকালীন উৎসবেরও অবিচ্ছেদ্য অংশ। এসব পিঠাকেন্দ্র শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও দর্শনার্থীদের কাছে যেমন গ্রামীণ শীতের স্মৃতি ফিরিয়ে আনছে, তেমনি তৈরি করছে বন্ধুদের আড্ডা, আনন্দ ও মিলনমেলার পরিবেশ। শীতের কুয়াশামাখা ক্যাম্পাসে গরম পিঠার স্বাদ তাই জাহাঙ্গীরনগরের নিজস্ব এক ঐতিহ্যে পরিণত হয়েছে।