জাবি প্রতিনিধি
প্রকাশ: ২০:৩১, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:৫৭, ১৪ নভেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
সবুজায়ন, পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা বিষয়ে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ক্যাম্পাস ক্লিনিং ডে’ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ‘Green & Clean Campus First’ এবং ‘পরিচ্ছন্নতার অভ্যাস করি, প্রাণবন্ত ক্যাম্পাস গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি শনিবার নিয়মিতভাবে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার উদ্যোগ নিয়েছে সংগঠনটি।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় এ কর্মসূচি পালন করা হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের হল শাখাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে অংশ নেন।
কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন (এনেক্স) ভবন, ঢাকা মেডিকেল কলেজের বহির্বিভাগ, কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশের এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. মাসুম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম খান, আল রাজিব রহমান ও নূরুল আমিন নূর, দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক) মল্লিক ওয়াসি উদ্দিন তামী, সহ-সাধারণ সম্পাদক ফাতেমাতুজ জোহরা, সহ-সাংগঠনিক সম্পাদক লিংকন সাহা, প্রচার সম্পাদক তানভীর হাসান এবং তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক জারিফ রহমান। এ ছাড়া বিশ্ববিদ্যালয় কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন হল পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় ছাত্রদলের স্বেচ্ছাসেবীরা পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার এবং মশক নিধনের ওষুধ স্প্রে করার কাজে সক্রিয়ভাবে সহযোগিতা করেন।
কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. মাসুম বিল্লাহ বলেন, ‘পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে একটি প্রাণবন্ত ও সুন্দর ক্যাম্পাস গড়ার লক্ষ্য নিয়ে প্রতি সপ্তাহের শনিবার আমরা এ কর্মসূচি পালন করে থাকি। আমরা আশা করছি, আমাদের নিয়মিত এ উদ্যোগ অন্যান্য ছাত্রসংগঠনের পাশাপাশি ক্যাম্পাসের শিক্ষার্থীদেরও পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে এবং নিজেদের আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে উৎসাহিত করবে।’