জাবি প্রতিনিধি
প্রকাশ: ০০:২০, ৩০ অক্টোবর ২০২৬
ছবি: সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আগামী ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে ১৬তম প্রজাপতি মেলা। এ উপলক্ষে আয়োজক কমিটিকে জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার কক্ষ ও করিডোর ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ১৬তম প্রজাপতি মেলা আয়োজক কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন বলেন, ‘এবার আমাদের প্রজাপতি মেলা ১৬তম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতিবারের মতো এবারও নানা আয়োজন থাকবে। তবে আমাদের বড় উদ্বেগের জায়গা হলো প্রজাপতির প্রজাতির সংখ্যা কমে যাওয়া। প্রায় ১২-১৩ বছর আগে এখানে ১১০টির মতো প্রজাতি ছিল, বর্তমানে তা কমে প্রায় ৭০ প্রজাতিতে দাঁড়িয়েছে। এই সংখ্যা বাড়ানোর লক্ষ্যে আমরা নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং এর কিছু ইতিবাচক ফলও পাচ্ছি।’
তিনি বলেন, ‘গত চার-পাঁচ মাসে আমরা বেশ কিছু ক্ষেত্রে অগ্রগতি করেছি। ঝোপঝাড় প্রয়োজন অনুযায়ী ছাঁটাই করা, অতিরিক্ত না কাটা এবং ব্যাপকভাবে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে মানুষের মধ্যেও প্রজাপতি সংরক্ষণ নিয়ে সচেতনতা বাড়ছে। তাই আমরা আশাবাদী, ভবিষ্যতে প্রজাপতির প্রজাতির সংখ্যা আবারও বাড়বে।’
এবারের মেলায় নতুন সংযোজন হিসেবে একটি সচিত্র বই প্রকাশ করা হবে জানিয়ে অধ্যাপক মনোয়ার হোসেন বলেন, ‘বইটিতে প্রজাপতিনির্ভর গাছপালা, প্রজাপতির ক্যাটারপিলার বা লার্ভার ছবি, শনাক্তকরণ পদ্ধতি এবং প্রজাপতি আকর্ষণে কী ধরনের গাছ লাগানো প্রয়োজন এসব বিষয়ে তথ্য থাকবে। যারা প্রজাপতি গার্ডেন বা ছাদবাগান করতে চান, তারা কীভাবে সেটিকে প্রজাপতির উপযোগী করে গড়ে তুলবেন, সে বিষয়েও বইটিতে দিকনির্দেশনা থাকবে।’
মেলায় অতিথিদের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, ‘ঢাকা থেকে পরিবেশ ও বন সংরক্ষণসংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা মেলায় অংশ নেবেন। পরিবেশবন্ধনের সেক্রেটারি, বন বিভাগের প্রধান বন সংরক্ষক (সিসিএফ), আইইউসিএন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টরসহ সহযোগী সংগঠনগুলোর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এছাড়া মেলায় প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য থাকবেন।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক যুগেরও বেশি সময় ধরে নিয়মিত প্রজাপতি মেলার আয়োজন হয়ে আসছে। প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বসতে যাচ্ছে ১৬তম প্রজাপতি মেলা। প্রজাপতির বৈচিত্র্য ও সংরক্ষণ সম্পর্কে সচেতনতা তৈরির পাশাপাশি প্রকৃতিপ্রেমীদের কাছে এ মেলা ইতোমধ্যে অন্যতম আকর্ষণীয় আয়োজন হিসেবে পরিচিতি পেয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ মেলায় এসে প্রজাপতির বিচিত্র রূপ উপভোগ করেন।