তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ১৩:৪৬, ১৪ অক্টোবর ২০২৬
ছবি: সংগৃহীত
নারীদের ঋতুচক্র ও প্রজনন স্বাস্থ্যবিষয়ক সেবা আরও তথ্যভিত্তিক ও ব্যক্তিকেন্দ্রিক করতে স্বাস্থ্যভিত্তিক অ্যাপ ফ্লো হেলথের সঙ্গে অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল। এ উদ্যোগের আওতায় গুগল হেলথ অ্যাপে যুক্ত হবে ফ্লোর সংগৃহীত স্বাস্থ্যতথ্য। পাশাপাশি পরিধানযোগ্য প্রযুক্তি ও উন্নত সেন্সর ব্যবহার করে নতুন প্রযুক্তিপণ্য তৈরির পরিকল্পনাও রয়েছে দুই প্রতিষ্ঠানের।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, এ অংশীদারিত্বের প্রথম ধাপের কার্যক্রম শুরু হতে পারে আগামী বছরের শুরুতে। এ সময় ফ্লো হেলথের তথ্য আনুষ্ঠানিকভাবে গুগল হেলথ অ্যাপে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
তবে নতুন হার্ডওয়্যার বা প্রযুক্তিপণ্য সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি গুগল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভবিষ্যতের পণ্যগুলোতে নারীদের স্বাস্থ্য বিষয়ে ফ্লোর অভিজ্ঞতা ও অ্যালগরিদমের সঙ্গে গুগলের পরিধানযোগ্য প্রযুক্তি এবং উন্নত সেন্সর ব্যবস্থার সমন্বয় ঘটানো হবে।
গুগলের ভাষ্য অনুযায়ী, পুরো প্রক্রিয়াটি পরিচালিত হবে ব্যবহারকারীর সম্মতির ভিত্তিতে। ব্যবহারকারীর স্পষ্ট অনুমতি ছাড়া এক অ্যাপ থেকে অন্য অ্যাপে কোনো তথ্য স্থানান্তর করা হবে না। প্রতিটি তথ্যের ধরন ও ব্যবহারের উদ্দেশ্যের জন্য আলাদাভাবে অনুমতি নিতে হবে। ব্যবহারকারীরা চাইলে যেকোনো সময় সেই অনুমতি প্রত্যাহারও করতে পারবেন।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ফ্লো হেলথের মাধ্যমে সংগৃহীত সংবেদনশীল স্বাস্থ্যতথ্য বিজ্ঞাপনের কাজে ব্যবহার করা হবে না। এসব তথ্য বিক্রি করা কিংবা অন্য অ্যাপ ও ডেভেলপারদের সঙ্গে ভাগ করে নেওয়ার পরিকল্পনাও নেই।
যেসব ব্যবহারকারী তথ্য আদান-প্রদানে সম্মতি দেবেন, তাঁরা গুগল হেলথ অ্যাপে ফ্লোর সংগৃহীত তথ্য অন্যান্য স্বাস্থ্যসংক্রান্ত উপাত্তের সঙ্গে দেখতে পারবেন। একইভাবে গুগল হেলথের তথ্যও দেখা যাবে ফ্লো অ্যাপে।
এ ছাড়া, গুগল হেলথ প্রিমিয়ামের গ্রাহকদের জন্য ফ্লোর স্বাস্থ্যতথ্য সরাসরি গুগল হেলথ কোচের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর এই স্বাস্থ্য পরামর্শক ব্যবহারকারীর শারীরিক অবস্থার বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে আরও ব্যক্তিকেন্দ্রিক স্বাস্থ্য পরামর্শ দিতে পারবে।
গুগল জানিয়েছে, ঘুম, দৈনন্দিন কাজের প্রস্তুতি, শারীরিক সক্রিয়তা এবং শারীরিক ধকল থেকে পুনরুদ্ধারের তথ্যের সঙ্গে ঋতুচক্রের বিভিন্ন পর্যায়ের উপাত্ত সমন্বয় করা হলে একজন নারীর সার্বিক স্বাস্থ্য সম্পর্কে আরও পূর্ণাঙ্গ ধারণা পাওয়া সম্ভব।
প্রতিষ্ঠানটি আরও বলেছে, এ অংশীদারিত্ব দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। এর আওতায় নারীদের প্রজনন স্বাস্থ্য ও ঋতুচক্র নিয়ে যেসব ক্ষেত্রে এখনো পর্যাপ্ত গবেষণা হয়নি, সেসব বিষয়ে নতুন গবেষণার উদ্যোগ নেওয়ার পরিকল্পনাও রয়েছে।