ঢাকা,শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

১ কার্তিক ১৪৩৩

লোগো বদলে বিপাকে ইনস্টাগ্রাম

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ১৪:৫৩, ১৬ আগস্ট ২০২৬

লোগো বদলে বিপাকে ইনস্টাগ্রাম

ছবি: সংগৃহীত

প্রায় এক দশক পর বদলে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ‘Instagram’ লেখাটির ফন্ট বা ওয়ার্ডমার্ক। নতুন নকশাকে আরও আধুনিক ও নান্দনিক হিসেবে তুলে ধরলেও, লোগোর অক্ষরের অস্পষ্টতা নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে সমালোচনা ও বিতর্ক।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে, এতদিন ব্যবহৃত অপেক্ষাকৃত পেঁচানো অক্ষরের ওয়ার্ডমার্কের বদলে এবার আরও গোলাকার ও আধুনিক ডিজাইনের লোগো এনেছে ইনস্টাগ্রাম।

নতুন লোগো উন্মোচনের পর ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি বলেন, এক দশকেরও বেশি পুরোনো হওয়ায় আগের ওয়ার্ডমার্কটি কিছুটা সেকেলে মনে হচ্ছিল। নতুন নকশার মাধ্যমে সেটিকে আরও দৃষ্টিনন্দন ও আধুনিক করা হয়েছে। একই সঙ্গে আগের লোগোর ঐতিহ্য ও ইনস্টাগ্রামের পরিচিত সরলতা ধরে রাখার চেষ্টা করা হয়েছে বলেও জানান তিনি।

তবে নতুন লোগো প্রকাশের পর থেকেই অনলাইনে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। ব্যবহারকারীদের একাংশের অভিযোগ, নতুন টাইপফেসের কারণে ‘Instagram’ লেখাটি আগের তুলনায় কম স্পষ্ট দেখাচ্ছে। এমনকি অনেকে ঠাট্টা করে বলছেন, লোগো দেখে ‘Instagram’-এর বদলে ‘Instagjam’ পড়া যাচ্ছে।

মোসেরির ঘোষণার নিচে দেওয়া মন্তব্যগুলোতেও এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। বিশেষ করে ‘G’ অক্ষরের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। ব্যবহারকারীদের কেউ কেউ বলছেন, অক্ষরটির মাঝের অংশ এমনভাবে তৈরি করা হয়েছে যে সেখানে অতিরিক্ত একটি ‘Z’ যুক্ত হয়েছে বলে মনে হচ্ছে।

লোগো পরিবর্তনের পাশাপাশি মেটার অগ্রাধিকার নিয়েও প্রশ্ন তুলেছেন ব্যবহারকারীদের অনেকে। তাদের বক্তব্য, ব্যবহারকারীরা যেসব সমস্যা সমাধান চান, সেগুলোর দিকে নজর না দিয়ে অপ্রয়োজনীয় নকশাগত পরিবর্তনে গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।

আড়াই হাজারের বেশি লাইক পাওয়া একটি মন্তব্যে একজন ব্যবহারকারী মেটার এমন সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, ব্যবহারকারীদের মূল চাহিদা উপেক্ষা করে এমন পরিবর্তন করা হয়েছে, যা কেউ চায়নি।

আরেক ব্যবহারকারী ইনস্টাগ্রামের ফিড অ্যালগরিদমের পরিবর্তনের প্রসঙ্গ টেনে বলেন, তারা চান নিজেদের অনুসারীরা যেন তাদের প্রকাশিত কনটেন্ট দেখতে পান এবং বন্ধ হয়ে যাওয়া মনিটাইজেশন সুবিধা ফিরে পান। লোগো পরিবর্তন নিয়ে তাদের কোনো আগ্রহ নেই।

অন্যদিকে, ইনস্টাগ্রামের ডিজাইন টিম জানিয়েছে, শত শত সম্ভাব্য সংস্করণ পর্যালোচনা করার পর নতুন ওয়ার্ডমার্ক চূড়ান্ত করা হয়েছে। এর সঙ্গে নতুন ও আপডেটেড ফন্ট এবং হাতে লেখার শৈলী থেকে অনুপ্রাণিত একটি নতুন টাইপফেসও যুক্ত করা হয়েছে।

ডিজাইন টিমের ভাষ্য, নতুন ওয়ার্ডমার্ক ও ব্র্যান্ড সিস্টেমের মাধ্যমে ইনস্টাগ্রামের একটি নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে। নতুন নকশায় ব্যবহারকারীদের সৃজনশীলতার পাশাপাশি ইনস্টাগ্রামের নিজস্ব হাতে-গড়া নান্দনিকতার প্রতিফলন ঘটানোর চেষ্টা করা হয়েছে।

নতুন নকশা তৈরির সময় প্রতিটি বাঁক, লিগেচার এবং অক্ষরের মধ্যবর্তী দূরত্বসহ ক্ষুদ্রাতিক্ষুদ্র বিষয় পর্যালোচনা করা হয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। শুধু ওয়ার্ডমার্ক নয়, পরিবর্তনটি পুরো ব্র্যান্ড সিস্টেমের ফন্ট, মোশন, রং ও অন্যান্য ভিজ্যুয়াল উপাদানেও প্রয়োগ করা হয়েছে।

তবে নতুন এই পরিবর্তনের প্রভাব ইনস্টাগ্রাম অ্যাপের মূল আইকনে পড়েনি। মোবাইলের স্ক্রিনে ব্যবহৃত সূর্যাস্তের রঙের গ্রেডিয়েন্টযুক্ত পরিচিত আইকনটি অপরিবর্তিতই রয়েছে।

প্রায় এক দশক আগে ইনস্টাগ্রাম তাদের পুরোনো বাস্তবধর্মী পোলারয়েড ক্যামেরার লোগো সরিয়ে বর্তমান গ্রেডিয়েন্ট আইকন চালু করেছিল। ভবিষ্যতে অ্যাপের মূল আইকনেও পরিবর্তন আনা হবে কি না, সে বিষয়ে এখনো কোনো ইঙ্গিত দেয়নি মেটা।

ডিজাইন টিম জানিয়েছে, পরিচিত সানসেট গ্রেডিয়েন্ট ইনস্টাগ্রামের ব্র্যান্ডের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বহাল থাকবে। তবে ভবিষ্যতে অ্যাপের মোশন, লেআউট ও ইউজার ইন্টারফেসে এই গ্রেডিয়েন্ট আরও সূক্ষ্ম ও পরিশীলিতভাবে ব্যবহার করা হবে।

এ সম্পর্কিত খবর