ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

২ পৌষ ১৪৩২

শুধু কিবরিয়া ভাই নয়, বিএনপির নেতাকর্মীদের পরিকল্পিতভাবে খুন করা হচ্ছে: রবিন খান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৪৬, ১৮ নভেম্বর ২০২৫ | আপডেট: ০০:৪০, ২০ নভেম্বর ২০২৫

শুধু কিবরিয়া ভাই নয়, বিএনপির নেতাকর্মীদের পরিকল্পিতভাবে খুন করা হচ্ছে: রবিন খান

বিএনপির নেতাকর্মীদের পরিকল্পিতভাবে খুন।ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে দোকানে ঢুকে পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে (৪৭) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় মিরপুর ১২ নম্বর সেকশনের সি ব্লকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে ঘটনাস্থলের সামনে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর যুবদল ও ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল।

প্রতিবাদ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি রবিন খান বলেন, দ্রুত কিবরিয়া ভাই হত্যার সুষ্ঠু তদন্ত করে খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। তা না হলে দল থেকে যে কর্মসূচি দেওয়া হবে আমরা রাজপথে থেকে তার সফল করব এবং এই হত্যার সঠিক বিচার নিয়েই ঘরে ফিরব।

বিএনপি নেতা কর্মীদের পরিকল্পিতভাবে টার্গেট করা হচ্ছে, দাবি করে এই ছাত্রনেতা বলেন, শুধু কিবরিয়া ভাই হত্যা নয়, দীর্ঘ সময় যাবৎ আমরা দেখতে পাচ্ছি- ছাত্রদল, যুবদল ও বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পরিকল্পিতভাবে গুম ও খুন করা হচ্ছে।

এতে আমরা ভীত নই, স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে বন্দুকের নলের মুখে লড়াই সংগ্রাম করে এসেছি। আমাদের নেতা শান্ত থাকতে বলেছে, তাই আমরা শান্ত রয়েছি। আওয়ামী লীগের দোসরা এখনও এমন হত্যার পরিকল্পনা করছে। রাস্তায় প্রশাসন তল্লাশি করছে আর এই দোসররা ঘরে ঘুমাচ্ছে- যোগ করেন রবিন খান।

এদিকে, সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া দোকানের একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, কিবরিয়া দোকানে ঢোকার দু–তিন সেকেন্ডের মধ্যে কয়েকজন দুর্বৃত্ত দোকানে ঢুকে তাকে গুলি করতে শুরু করে। দুর্বৃত্তদের একজনের পরনে পাঞ্জাবি ও দুজনের গায়ে শার্ট ছিল। প্রত্যেকের মাথায় হেলমেট ও মুখে মুখোশ ছিল। এ সময় দুর্বৃত্তদের একজন কিবরিয়াকে গুলি করতে শুরু করলে ভয়ে দোকান থেকে আগের লোকজন বেরিয়ে যান। কিবরিয়াকে দুজন গুলি করে। এ সময় কিবরিয়া মাটিতে লুটিয়ে পড়লে তাদের একজন আরও তিনটি গুলি করে দ্রুত বেরিয়ে যায়।

রক্তাক্ত অবস্থায় কিবরিয়াকে শেরেবাংলা নগরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।