ঢাকা,বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

২৮ আশ্বিন ১৪৩৩

নোয়াখালীতে পুকুরপাড়ে মিলল তরুণের মরদেহ

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১৪:১০, ৮ অক্টোবর ২০২৬

নোয়াখালীতে পুকুরপাড়ে মিলল তরুণের মরদেহ

নিহত মারুফ। ছবি: সংগৃহীত

নোয়াখালীর সেনবাগে পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বের হওয়ার এক দিন পর মো. মারুফ (২১) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ১০টার দিকে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের মতইন দক্ষিণপাড়া এলাকায় ধানখেতসংলগ্ন একটি পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মারুফ ডমুরুয়া ইউনিয়নের মতইন দক্ষিণপাড়া হাজী বাড়ির মো. রিপনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে মারুফ তার মোবাইল ফোনটি ভেঙে ফেলেন। পরে জামাকাপড় একটি ট্রাভেল ব্যাগে গুছিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর সারা রাত ও পরদিন আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

বুধবার রাত ১০টার দিকে মতইন দক্ষিণপাড়া এলাকায় ধানখেতসংলগ্ন একটি পুকুরপাড়ে মারুফের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে সেনবাগ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় মরদেহের পাশ থেকে তার ব্যবহৃত ট্রাভেল ব্যাগ ও জুতা জব্দ করা হয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলী মিলন জানান, ঘটনাস্থলের সুরতহাল প্রতিবেদনে দেখা যায়, মারুফের গলায় একটি গামছা পেঁচানো ছিল। গামছার অপর অংশ পুকুরপাড়ের একটি গাছের ডালে বাঁধা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় ফাঁস দেওয়ার চেষ্টার একপর্যায়ে পুরোনো গামছাটি ছিঁড়ে তিনি মাটিতে পড়ে যান।

বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় সেনবাগ থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এ সম্পর্কিত খবর