ঢাকা,বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

১ আশ্বিন ১৪৩৩

গর্ভবতী মায়েদের পুষ্টি নিশ্চিত করতে এসএমসির দেশব্যাপী ক্যাম্পেইন শুরু

ডেইলিদর্পণ ডেস্ক

প্রকাশ: ২১:১৪, ১৪ সেপ্টেম্বর ২০২৬

গর্ভবতী মায়েদের পুষ্টি নিশ্চিত করতে এসএমসির দেশব্যাপী ক্যাম্পেইন শুরু

ছবি: সংগৃহীত

সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) আয়োজিত দেশব্যাপী দুই দিনব্যাপী ‘গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের শিকদার বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

ক্যাম্পেইন উপলক্ষে সেখানে গর্ভবতী মায়েদের নিয়ে সচেতনতামূলক আলোচনা ও মা সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এসএমসি ও এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের (এসএমসি ইএল) চেয়ারম্যান ফারুক আহমেদ, পরিচালনা পর্ষদের পরিচালক সিদ্দিকুর রহমান চৌধুরী ও ডা. জহির উদ্দিন আহমেদ, এসএমসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তছলিম উদ্দিন খান এবং এসএমসি ইএলের ব্যবস্থাপনা পরিচালক সায়েফ নাসির উপস্থিত ছিলেন। এছাড়া এসএমসির প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয় ও মাঠপর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে অতিথিরা মা সমাবেশে অংশ নেওয়া গর্ভবতী নারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের মধ্যে ১৫টি ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ এসএমসির মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট ‘ফুলকেয়ার’ বিতরণ করেন।

এসএমসি জানায়, ক্যাম্পেইন সফল করতে প্রতিষ্ঠানটির প্রায় ২২ হাজার ব্লু-স্টার, গ্রিন-স্টার ও গোল্ড-স্টার সেবাদানকারী, ফিল্ড টিম এবং নেটওয়ার্কের বাইরের সেবাদানকারীরা অংশ নিচ্ছেন। তারা গর্ভবতী মায়েদের গর্ভকালীন সেবা, প্রয়োজনীয় পুষ্টি এবং নিয়মিত প্রসবপূর্ব সেবা গ্রহণের বিষয়ে পরামর্শ দেওয়ার পাশাপাশি ‘ফুলকেয়ার’ বিতরণ করছেন।

এছাড়া দেশের ১৬১টি উপজেলায় এসএমসির কমিউনিটি মোবিলাইজেশন কর্মসূচির আওতায় গর্ভকালীন সেবা ও নিয়মিত প্রসবপূর্ব সেবা গ্রহণে সচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে এসএমসি ও এসএমসি ইএলের চেয়ারম্যান ফারুক আহমেদ বলেন, ‘একটি সুস্থ প্রজন্ম গড়ে ওঠার ভিত্তি তৈরি হয় একজন সুস্থ মায়ের মাধ্যমে। তাই মাতৃস্বাস্থ্য ও শিশু পুষ্টিতে বিনিয়োগ শুধু একজন মায়ের সুস্থতা নিশ্চিত করে না, বরং আগামী দিনের একটি সুস্থ ও সক্ষম প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

এসএমসির পরিচালনা পর্ষদের পরিচালক সিদ্দিকুর রহমান চৌধুরী বলেন, ‘আমাদের লক্ষ্য হলো গর্ভবতী মায়েদের প্রসবপূর্ব সেবার আওতায় নিয়ে আসা এবং সঠিক পুষ্টি সম্পর্কে সচেতন করা। সবার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা চাই, প্রতিটি গর্ভবতী মা প্রয়োজনীয় পরিচর্যা ও পুষ্টির সুযোগ পান।’

পরিচালনা পর্ষদের পরিচালক ডা. জহির উদ্দিন আহমেদ বলেন, ‘মাতৃপুষ্টির ঘাটতি মোকাবিলায় সচেতনতা সৃষ্টির পাশাপাশি গর্ভবতী মায়েদের জন্য মানসম্মত পুষ্টি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে এসব পুষ্টি উপাদান সহজলভ্য ও সাশ্রয়ী করার উদ্যোগও প্রয়োজন।’

এসএমসি কর্তৃপক্ষ জানায়, গর্ভবতী মায়েদের পুষ্টি ও প্রসবপূর্ব সেবা সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং প্রয়োজনীয় পুষ্টি সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই দেশব্যাপী এ দুই দিনব্যাপী ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।

এ সম্পর্কিত খবর