ডেইলিদর্পণ প্রতিবেদক
প্রকাশ: ০০:১২, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
চাঁদপুরের মতলব উত্তরে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ছাত্রদল।
সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার নাউরী আদর্শ ডিগ্রি কলেজ প্রাঙ্গণে উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে এ পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে কলেজ প্রাঙ্গণের বিভিন্ন স্থান, মাঠের আশপাশের সড়ক ও ড্রেনসহ বিভিন্ন জায়গায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গুর প্রজননস্থল তৈরি হতে পারে- এমন স্থানগুলোও পরিষ্কার করা হয়।
অভিযানে চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী, ছেংগারচর পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান, সদস্য সচিব ফরহাদসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচি প্রসঙ্গে খায়রুল হাসান বেনু বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে নাউরী আদর্শ ডিগ্রি কলেজ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নিজ নিজ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।’
পরিচ্ছন্নতা কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন। তারা কলেজ প্রাঙ্গণ ও আশপাশের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা করেন।