ঢাকা,বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

২৮ আশ্বিন ১৪৩৩

দেশে নিরাপদ পানি নিশ্চিত করতে ২.১ বিলিয়ন ডলারের পরিকল্পনা : স্থানীয় সরকারমন্ত্রী

ডেইলিদর্পণ ডেস্ক

প্রকাশ: ১৪:১৬, ৮ অক্টোবর ২০২৬

দেশে নিরাপদ পানি নিশ্চিত করতে ২.১ বিলিয়ন ডলারের পরিকল্পনা : স্থানীয় সরকারমন্ত্রী

ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান জানান, দেশের ১৮ কোটি মানুষের জন্য নিরাপদ ও সুপেয় পানি নিশ্চিত করতে উন্নয়ন সহযোগী বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বিতভাবে প্রায় ২ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলারের প্রকল্প নিয়ে আলোচনা চলছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে ইউনিসেফের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বাংলাদেশের ১৮ কোটি মানুষের কাছে কীভাবে নিরাপদ পানি পৌঁছে দেওয়া যায়, তা নিয়ে ইউনিসেফসহ সংশ্লিষ্ট উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলোচনা হয়েছে। মানুষের জীবনের জন্য পানি অপরিহার্য হলেও দূষিত ও জীবাণুযুক্ত পানি একই সঙ্গে বিভিন্ন রোগ ও মৃত্যুর কারণ হতে পারে। তাই সবার জন্য নিরাপদ পানি নিশ্চিত করা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।

তিনি বলেন, দেশের বিভিন্ন নদী শুকিয়ে যাচ্ছে। উজানে নদীর পানি প্রত্যাহারের কারণে এর প্রভাব পড়ছে দেশের বিভিন্ন অঞ্চলে। উত্তরাঞ্চলে পানির সংকটের ফলে মরুকরণ বা ডেজারটিফিকেশনের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। অন্যদিকে দক্ষিণাঞ্চলে নদীর পানিপ্রবাহ কমে যাওয়ায় সমুদ্রের লবণাক্ত পানি উজানের দিকে প্রবেশ করছে। এতে ওই অঞ্চলে নিরাপদ পানির সংকট আরও তীব্র হচ্ছে।

মন্ত্রী বলেন, এসব বিষয় বিবেচনায় নিয়ে মানুষের কাছে নিরাপদ ও সুপেয় পানি পৌঁছে দিতে সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন। এ লক্ষ্যে জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে একযোগে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে ইউনিসেফের পাশাপাশি বিশ্বব্যাংক, ওয়াটারএইডসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন বলে জানান তিনি।

ড. আবদুল মঈন খান বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব হলো মানুষের জীবনধারণের জন্য প্রয়োজনীয় নিরাপদ পানি নিশ্চিত করা। এ লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন সংস্থার উদ্যোগগুলোকে সমন্বিত করে একটি বৃহৎ পরিকল্পনা নেওয়ার চেষ্টা চলছে।

তিনি জানান, বৈঠকে আলোচিত বিভিন্ন প্রকল্প ও উদ্যোগের অর্থমূল্য একত্র করলে এর পরিমাণ প্রায় ২ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ হাজার কোটি টাকার সমপরিমাণ।

এ সম্পর্কিত খবর