ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ০২:৩৩, ৮ নভেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রদর্শনী চলবে রোববার পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রদর্শনীর উদ্বোধন করেন। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, ঢাবি শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এবং প্রদর্শনীর আয়োজক কমিটির আহ্বায়ক আনিসুর রহমান খন্দকার অনিক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে হাবিব উন নবী খান সোহেল বলেন, ‘৭ নভেম্বর কেবল একটি তারিখ নয়, এটি একটি চেতনা ও প্রেরণার নাম। মুক্তিযোদ্ধারা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, যেখানে অন্যায়-অত্যাচার থাকবে না, মানুষের কথা বলার অধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা থাকবে। কিন্তু স্বাধীনতার পর দেশের মানুষকে দুর্ভিক্ষ, দারিদ্র্য ও নানা সংকটের মুখোমুখি হতে হয়েছে।’
তিনি বলেন, ‘পাকিস্তানি শোষকগোষ্ঠীর হাত থেকে দেশ স্বাধীন হলেও পরবর্তী সময়ে বাংলাদেশকে আরেকটি দেশের ওপর নির্ভরশীল করে তোলার চেষ্টা হয়েছিল। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশের নিজস্ব শক্তি ও মেরুদণ্ড থাকতে হবে। অন্য কোনো দেশের ওপর নির্ভরশীল হয়ে বাংলাদেশ টিকে থাকতে পারে না। এ পরিস্থিতির অনিবার্য পরিণতি হিসেবে ৭ নভেম্বরের বিপ্লব সংঘটিত হয়েছিল।’
২০২৪ সালের গণআন্দোলনের প্রসঙ্গ টেনে সোহেল বলেন, ‘১৭ বছর ধরে বাংলাদেশকে আরেকটি দেশের ওপর নির্ভরশীল করে রাখা হয়েছিল। তৎকালীন পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর এবং শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার অনুরোধের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এমন পরিস্থিতিতে বিপ্লব অনিবার্য হয়ে উঠেছিল। তখন আবার একজন নেতা আলোকবর্তিকা হয়ে সামনে এসেছেন, তার নাম তারেক রহমান।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে এ দেশের জনগণের ইচ্ছায়। অন্য কোনো দেশে বসে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করা হবে, তা দেশের মানুষ মেনে নেবে না। বাংলাদেশকে অন্য কোনো দেশের প্রভাববলয়ের মধ্যে যেতে দেওয়া হবে না।’
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ‘৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এটি সিপাহি-জনতার বিপ্লব ও সংহতির দিন। এ দিনটি না ঘটলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকে থাকত কি না, তা নিয়ে সংশয় থেকে যেত। দিনটিকে জাতীয় ঐক্য এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার প্রতীক হিসেবে স্মরণ করা উচিত।’
তিনি বলেন, ‘বাংলাদেশের জাতীয়তাবাদের প্রবর্তক ও স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। ২০২৬ সালে এসে ২০০৬ সালের পর এবারই প্রথম এতটা মুক্ত পরিবেশে ৭ নভেম্বরের অনুষ্ঠান পালনের সুযোগ হয়েছে বলে মনে হচ্ছে। দীর্ঘ ২০ বছর রাষ্ট্রীয় বা দলীয়ভাবে এ ধরনের অনুষ্ঠান পালনের সুযোগ হয়নি। সে কারণে এবারের আয়োজন বিশেষ তাৎপর্যপূর্ণ।’