ঢাকা,বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩

জাবিতে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার যৌথ সাংস্কৃতিক উৎসব ২৪ জানুয়ারি

জাবি প্রতিনিধি

প্রকাশ: ২২:২৯, ১৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:৩২, ১৮ নভেম্বর ২০২৬

জাবিতে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার যৌথ সাংস্কৃতিক উৎসব ২৪ জানুয়ারি

ছবি: ডেইলি দর্পণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আগামী ২৪ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার যৌথ সাংস্কৃতিক অনুষ্ঠান। ‘কোরিয়া-বাংলাদেশ ইয়ুথ এক্সচেঞ্জ অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন প্রজেক্ট’-এর আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেবেন।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দক্ষিণ কোরিয়া থেকে আগত প্রতিনিধিদলের সদস্যরা। এ সময় তারা যৌথ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ প্রকল্পের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

প্রতিনিধিদল জানায়, প্রকল্পের আওতায় আগামী ১৩ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার ঐতিহ্যবাহী নৃত্য, তায়কোয়ান্দো প্রদর্শনী ও কোরিয়ান সংগীত পরিবেশন করা হবে। পাশাপাশি রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও নৃত্য ও সংগীত পরিবেশন করবেন।

প্রতিনিধিদল আরও জানায়, এ আয়োজনের মূল লক্ষ্য কোরিয়ান ভাষা, তায়কোয়ান্দো ও কে-কালচার বিষয়ে শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ সৃষ্টি করা। পাশাপাশি দুই দেশের তরুণদের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়া জোরদার, টেকসই দ্বিপক্ষীয় অংশীদারত্ব গড়ে তোলা এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের সচেতনতা বৃদ্ধিতে যৌথ উদ্যোগকে উৎসাহিত করা।

সাক্ষাৎকালে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম কোরীয় প্রতিনিধিদলকে স্বাগত জানান। একই সঙ্গে অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন কোরিয়ান ইউনিভার্সিটি কাউন্সিল ফর সোশ্যাল সার্ভিসের সহকারী ব্যবস্থাপক ইয়ঙ ইয়ুন চো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোরিয়ান ভাষা প্রশিক্ষক ইও জিইয়ন ও লিম বঙ ট্যাক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা অফিসের উপপরিচালক আজমল আমীন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ উপপরিচালক মো. কামরুজ্জামান প্রমুখ।

এ সম্পর্কিত খবর