নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:২২, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: সংগৃহীত
দুই বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে নেই সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্র থেকে ভারত, পাকিস্তান, কানাডা ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে খেললেও দেশে ফেরা এখনো অনিশ্চিত। তবে দেশে না থাকলেও তিনি মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। প্রশ্ন হলো, ভোটার হলেও তিনি আদৌ ভোট দিতে পারবেন কি না।
মোহামেডান স্পোর্টিং ক্লাবের নির্বাচন কমিশন রোববার মোট ৩৭১ জন ভোটারের তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে দাতা সদস্য তিনজন এবং স্থায়ী সদস্য ৩৬৩ জন। ভোটার তালিকায় সাকিব আল হাসানের ভোটার আইডি নম্বর ৩১০। তবে সাকিবকে ভোট দিতে হলে সরাসরি দেশে উপস্থিত থেকেই ভোট দিতে হবে। তাঁর দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি।
প্রকাশিত ভোটার তালিকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহসভাপতি ফারুক আহমেদ এবং বিসিবির হেড অব প্রোগ্রাম মিনহাজুল আবেদীন নান্নুও রয়েছেন।
এদিকে জাতীয় দলে সাকিবের ফেরা নিয়ে আলোচনা দীর্ঘদিন ধরেই চলছে। বিষয়টি মূলত আইনি জটিলতা ও সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, সাকিবের নামে থাকা মামলাগুলো রাষ্ট্র দেখবে। বিসিবি সহসভাপতি ফারুক আহমেদও ইঙ্গিত দিয়েছেন, পাকিস্তান সিরিজ দিয়েই ফিরতে পারেন সাকিব।
আগামী ১১, ১৩ ও ১৫ মার্চ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা। ২০২৪ সালের অক্টোবরে কানপুরে ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচের পর থেকে বাংলাদেশের হয়ে আর মাঠে নামা হয়নি সাকিবের।