ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

২ পৌষ ১৪৩২

‘আফগানিস্তান সব উপকার ভুলে গেছে’

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২:১১, ১৮ অক্টোবর ২০২৫

‘আফগানিস্তান সব উপকার ভুলে গেছে’

ছবি: সংগৃহীত

পাকিস্তান-আফগানিস্তান সংঘাত নিয়ে মুখ খুলেছেন সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি। খারাপ সময়ে আফগানদের উপকার করার প্রসঙ্গ তুলে তিনি দেশটির সংঘাতে জড়ানোর সমালোচনা করেছেন।

এদিকে পাকিস্তানের এক বিমান হামলায় শুক্রবার (১৭ অক্টোবর) স্থানীয় তিন ক্রিকেটারের মৃত্যু হয়েছে, যা জানিয়েছে আফগানিস্তান। এই ঘটনায় শ্রীলঙ্কা ও পাকিস্তানের সঙ্গে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজ থেকে রশিদ খানরা নিজেদের সরিয়ে নিয়েছেন।

আফগানিস্তানের এমন সিদ্ধান্ত ভালোভাবে নিচ্ছেন না শহীদ আফ্রিদি। তার মতে, পাকিস্তান সবসময় আফগানিস্তানের পাশে দাঁড়িয়েছে।

পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, ‘পাকিস্তান সব সময় আফগান ভাইদের পাশে থেকেছে, তাদের দুঃখ-কষ্টকে নিজেদের দুঃখ হিসেবে দেখেছে। সীমান্ত খুলে দিয়েছে ভাইদের জন্য। ৪০ লাখ শরণার্থীকে আশ্রয় দিয়েছে।’

ব্যক্তিগত উদ্যোগে আফগানিস্তানের কিছু পরিবারের দায়িত্ব পালন করে আসছেন আফ্রিদি। তিনি বলেন, ‘নিজের সামর্থ্য অনুযায়ী আমিও ৩৫০টি আফগান পরিবারের দেখাশোনা করি। তবুও খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, সাম্প্রতিক সময়ে আফগানিস্তান এসব উপকার ভুলে সীমান্তে প্রকাশ্য আগ্রাসন চালিয়েছে, যার পরিপ্রেক্ষিতে আমাদের সেনারা যথাযথ জবাব দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আফগানিস্তানের ভাবা উচিত, পাকিস্তান তার ভাইপ্রতিম ইসলামি দেশ। সুতরাং আফগানিস্তান এমন কোনো দেশের হাতে যেন ব্যবহার না হয়, যা ইতিমধ্যে পাকিস্তানের ভেতরে সন্ত্রাসীদের সহযোগিতা করছে।’

এর আগে এক বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘আফগানিস্তান ক্রিকেট বোর্ড পাকতিকা প্রদেশের আরগুন জেলার সাহসী ক্রিকেটারদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানাচ্ছে, যাঁরা পাকিস্তানি বাহিনীর কাপুরুষোচিত হামলার শিকার হয়েছেন। মর্মান্তিক এ ঘটনার প্রতিবাদে ও নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ড আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানকে নিয়ে নভেম্বরের শেষ দিকে এটি খেলার কথা ছিল।’