ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

২ পৌষ ১৪৩২

মেসির হ্যাটট্রিকে মিয়ামির দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২:৩৯, ১৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ২২:৪০, ১৯ অক্টোবর ২০২৫

মেসির হ্যাটট্রিকে মিয়ামির দুর্দান্ত জয়

লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে আবারও উল্লাসে মাতলো ইন্টার মিয়ামি। শনিবার রাতে ‘ডিসিশন ডে’ ম্যাচে ন্যাশভিল এসসিকে ৫-২ গোলে হারিয়ে মৌসুমের তৃতীয় টানা জয় তুলে নিয়েছে মিয়ামি।

ন্যাশভিলের মাঠে অনুষ্ঠিত ম্যাচে মেসি একাই হ্যাটট্রিকের পাশাপাশি একটি অ্যাসিস্ট করেন। দলের হয়ে বালতাসার রদ্রিগেস ও টেলাসকো সেগোভিয়াও একটি করে গোল যোগ করেন। এই জয়ে ১৯ জয়, ৭ ড্র ও ৮ পরাজয়ে ৬৫ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় স্থানে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে ইন্টার মিয়ামি। প্রথম রাউন্ডেই আবার মুখোমুখি হবে ন্যাশভিলের বিপক্ষে।

ন্যাশভিলের হয়ে স্যাম সারিজ ও জ্যাকব শ্যাফেলবার্গ একটি করে গোল করেন। ম্যাচের প্রথম ৩৪ মিনিটে মিয়ামি কোনো শটই নিতে পারেনি, তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় চিত্র।

দ্বিতীয়ার্ধে ন্যাশভিল ২-১ গোলে এগিয়ে থাকলেও ৬৩তম মিনিটে অ্যান্ডি নাজারের হ্যান্ডবলে পেনাল্টি পায় মিয়ামি। সুযোগ কাজে লাগিয়ে বাঁ-পায়ের নিখুঁত শটে জালের দেখা পান মেসি। সেই গোলেই ম্যাচে ফেরে মিয়ামি। মাত্র চার মিনিট পর লুইস সুয়ারেজের শট ফিরিয়ে দেন গোলরক্ষক জো উইলিস, তবে রিবাউন্ড থেকে বল জালে পাঠান বালতাসার রদ্রিগেস—তাতেই এগিয়ে যায় মিয়ামি (৩-২)।

শেষ দিকে মেসি আরও দুটি গোল করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন এবং এক অ্যাসিস্টে দলকে ৫-২ গোলের বড় জয় এনে দেন।

এই জয়ে ২০২৫ এমএলএস মৌসুমে সর্বোচ্চ ২৯ গোল করে গোল্ডেন বুট জিতেছেন ৩৮ বছর বয়সী আর্জেন্টাইন তারকা। লস অ্যাঞ্জেলেস এফসির ডেনিস বুয়াঙ্গা ও ন্যাশভিলের স্যাম সারিজ ২৪ গোল করে পিছিয়ে থাকেন। শুধু গোল নয়, ১৯টি অ্যাসিস্ট করেও শীর্ষে রয়েছেন মেসি।

ইন্টার মিয়ামির গোলরক্ষক রকো রিওস নোভো করেন পাঁচটি সেভ, অন্যদিকে ন্যাশভিলের জো উইলিস চারটি সেভ করলেও দলের বিপর্যয় ঠেকাতে পারেননি।

মৌসুমের শেষ দিনে এমন জয়ে আত্মবিশ্বাসী ইন্টার মিয়ামি এখন চোখ রাখবে আসন্ন প্লে-অফ লড়াইয়ে, যেখানে তাদের প্রথম বাধা আবারও ন্যাশভিল এসসি।