স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২:৪৮, ১২ সেপ্টেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বিদায়ী ম্যাচ নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল দিন দিন বাড়ছে। তবে ঘরের মাঠে সমর্থকদের সামনে এখনই বিদায়ী ম্যাচ খেলতে রাজি নন আর্জেন্টাইন অধিনায়ক।
আর্জেন্টিনার সম্ভাব্য প্রীতি ম্যাচ নিয়ে দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আগামী সেপ্টেম্বর ও অক্টোবরে আর্জেন্টিনার কয়েকটি প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দেশের মাটিতেও ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে মেসি নিজেকে প্রস্তুত মনে করলেই ঘরের মাঠে তার বিদায়ী ম্যাচ আয়োজনের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
এ কারণে আর্জেন্টিনার সমর্থকদের মেসিকে শেষবারের মতো ঘরের মাঠে আকাশি-সাদা জার্সিতে দেখার জন্য আরও অপেক্ষা করতে হতে পারে।
তবে মেসির সম্ভাব্য বিদায়ী ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি। ফলে কবে এবং কোন দলের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে শেষবার মাঠে নামবেন মেসি, সেটি জানতে অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য।