আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০:৩৪, ২ মার্চ ২০২৬
ছবি: সংগৃহীত
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কমান্ডার হোসেইন নেজাত পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছেন। অভিযোগ, ইরানের ওপর আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার সময় পাকিস্তান তার আকাশসীমা ব্যবহার করতে দিয়েই যাচ্ছে। নেজাত বলেছেন, ইসলামাবাদ ‘নিরাপদ’ থাকবে না এবং এর জন্য ‘মূল্য দিতে হবে’।
এই বিবৃতি এসেছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছানোর সময়।
গত তিনদিনে আমেরিকা-ইসরায়েল যৌথভাবে ‘অপারেশন এপিক ফিউরি’ নামে এক অভিযানে ইরানে সামরিক ঘাঁটি এবং শীর্ষ নেতাদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এই আক্রমণে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি, তার পরিবারের সদস্য ও আইআরজিসির উচ্চপদস্থ কমান্ডাররা নিহত হয়েছেন।
ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ ও আইআরজিসি কমান্ডার মোহাম্মদ পাকপুরর মৃত্যুও নিশ্চিত করা হয়েছে।
ইরান পালটা মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে উপসাগরীয় দেশগুলোতে, যেমন সংযুক্ত আরব আমিরশাহী, বাহরাইন, কুয়েত, কাতার এবং দুবাইয়ের বিমানবন্দরেও আঘাত পৌঁছেছে।
হোসেইন নেজাত জানিয়েছেন, পাকিস্তানি আকাশসীমা ব্যবহার করে হামলা চালাচ্ছে ইসরায়েল-আমেরিকা। ফলে পাকিস্তানের জন্য বড় বিপদের সংকেত হিসেবে ধরা হচ্ছে।
পাকিস্তানের পক্ষ থেকে এখনো কোনো সরাসরি প্রতিক্রিয়া আসেনি। তবে তারা দাবি করেছে, তাদের আকাশসীমা ‘সম্পূর্ণ নিরাপদ ও চালু’। যদিও কয়েকদিন আগে ইরানের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ার পর অনেক ফ্লাইট পাকিস্তানের পথে ব্যবহার করেছে, তবে সামরিক ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় আগেও এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে।