ঢাকা, সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

৫ মাঘ ১৪৩২

মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণে কোটি কোটি রুপি অনুদান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১:১৯, ১০ ডিসেম্বর ২০২৫

মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণে কোটি কোটি রুপি অনুদান

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙায় সাবেক বিধায়ক হুমায়ুন কবীরের প্রস্তাবিত বাবরি মসজিদ নির্মাণে বিশাল পরিমাণে অনুদান জমা পড়েছে। গত সোমবার (৯ ডিসেম্বর) পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, নগদ অর্থের অঙ্ক ৫ কোটি রুপি ছাড়িয়েছে এবং তা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এর পাশাপাশি, দান করা হচ্ছে সোনালংকারও। অনলাইন মাধ্যমেও প্রচুর অর্থ দান করা হচ্ছে।

হুমায়ুন কবীর জানান, ‘তিনি এবং তার সংগঠন মসজিদ নির্মাণের জন্য মুক্তহস্তে দান সংগ্রহ করতে শুরু করেছেন। মুর্শিদাবাদের রেজিনগরে গত শনিবার বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে দানবাক্সে ৫০০ রুপি নোট থেকে শুরু করে খুচরা টাকা পর্যন্ত পাওয়া গেছে। দুদিন ধরে বিশেষ যন্ত্র আনা হয়েছে টাকা গোনার কাজ চলমান রাখতে। যদিও গণনা এখনও শেষ হয়নি। তবে আশা করা যাচ্ছে যে, সব মিলিয়ে অনুদানের পরিমাণ পাঁচ কোটি রুপি ছাড়িয়ে যাবে।

এই মসজিদ নির্মাণ প্রকল্পের জন্য সঠিক পরিমাণে অর্থ সংগ্রহের জন্য এক ভক্ত একাই ৮০ কোটি রুপি অনুদান দেওয়ার ঘোষণা করেছেন। হুমায়ুন কবীর জানিয়েছেন, বাবরি মসজিদ নির্মাণের কাজ শেষ হতে প্রায় তিন বছর সময় লাগবে এবং এতে অর্থের অভাব হবে না।

এছাড়াও, মসজিদের পাশাপাশি নির্মাণ করা হবে একটি হাসপাতাল, বিশ্ববিদ্যালয় এবং পার্ক। মসজিদটির নির্মাণ কাজ চলবে মুর্শিদাবাদের বেলডাঙ্গা ও রেজিনগরের সংযোগস্থলে জাতীয় সড়কের পাশে তিন কাঠা জমির ওপর। মসজিদ চত্বরের ২৫ কাঠা জমিতে অন্য স্থাপনা নির্মাণের পরিকল্পনা রয়েছে।

এদিকে, মসজিদ নির্মাণে বাধা দেওয়ার জন্য কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হলেও আদালত তা নিষ্পত্তি না করায় নির্মাণ কাজ শুরু হয়েছে।

এ সম্পর্কিত খবর