ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

২ পৌষ ১৪৩২

তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:০৬, ২০ নভেম্বর ২০২৫ | আপডেট: ০১:২৩, ২০ নভেম্বর ২০২৫

তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ

তারেক রহমান। ফাইল ছবি

বাংলাদেশের জনগণের আস্থার বাতিঘর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ১৯৬৫ সালের এই দিনে (২০ নভেম্বর) জন্মগ্রহণ করেন। তিনি সাধারণত তারেক জিয়া নামে পরিচিত, যার শেষাংশটি এসেছে তার পিতা জিয়াউর রহমানের নাম থেকে। অল্প বয়সেই তারেক রহমানের রাজনীতিতে হাতেখড়ি হয়। জিয়াউর রহমানের গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির বগুড়া কমিটির সদস্য হিসেবে তার রাজনৈতিক জীবনের যাত্রা শুরু। মাত্র ২২ বছর বয়সে ১৯৮৮ সালে তিনি বগুড়া জেলার গাবতলী থানা বিএনপির নির্বাহী সদস্য হন। ২০০১ সালের নির্বাচনে মায়ের পাশাপাশি তারেক রহমানও দেশব্যাপী নির্বাচনি প্রচার চালান এবং দলের ভিতরে-বাইরে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

২০০৭ সালে ১/১১ সরকার তারেক রহমানকে গ্রেপ্তার করে। তখন আটক অবস্থায় নির্যাতনের শিকার হন তিনি। ২০০৮ সালে কারামুক্তি দিয়ে তাকে লন্ডনে নির্বাসনে পাঠানো হয়। লন্ডন থেকেই তিনি দল পরিচালনা করছেন। তবে ১/১১’র সরকার এবং পরবর্তীতে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের দুঃশাসন, নির্যাতন, নিপীড়নের কারণে প্রবাসেই কাটছে জনপ্রিয় এই নেতার জন্মদিন।

এদিকে, ২০১৬ সালের ১৯ মার্চ ষষ্ঠ কাউন্সিলে তারেক রহমান দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করার পর থেকে তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। ২০০৭ সালের পর তারেক রহমানের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা অভিযোগে মোট ৮৪টি মামলা হয়। আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় তিনি দণ্ডপ্রাপ্ত হন।

এ সময় তারেক রহমান কার্যত বাংলাদেশের বিরোধীদলের নেতা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর আদালত তাকে দণ্ডপ্রাপ্ত সব অভিযোগ থেকে খালাস দেন এবং তার সাজা বাতিল করা হয়। বর্তমানে তারেক রহমানের বিরুদ্ধে কোনো মামলা বিচারাধীন নেই। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

জন্মদিনে কোনো অনুষ্ঠান নয় : তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দলের নেতা-কর্মীদের কেক কাটা, পোস্টার বা ব্যানার লাগানো, আলোচনা সভাসহ কোনো ধরনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বা উৎসব না করার নির্দেশনা জারি করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ঢাকাসহ দেশব্যাপী বিএনপির সব ইউনিটের নেতা-কর্মীদের দলীয় নির্দেশনাটি লঙ্ঘন না করার জন্য আহ্বান জানানো হয়েছে।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদতবরণ করায় মাত্র ১৫ বছর বয়সেই পিতৃহারা হন তারেক রহমান। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল থেকে তিনি মাধ্যমিক ও ঢাকার বিএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলএলবিতে, পরে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রথম বর্ষে ভর্তি হন এবং স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্সে ভর্তি হন। শিক্ষাজীবন শেষে ব্যবসাকে পেশা হিসেবে বেছে নেন তিনি। বস্ত্রশিল্পে বিনিয়োগ করে স্বল্প সময়ের মধ্যে ব্যবসায় সফলতা লাভ করেন। পরে তিনি নৌ-যোগাযোগ খাতে বিনিয়োগ করে সফলতা অর্জন করেন। তারেক রহমান ১৯৯৪ সালের ৩ ফেব্রুয়ারি বিমানবাহিনীর সাবেক প্রধান, সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের বড় মেয়ে ডা. জুবাইদা রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের একমাত্র কন্যা ব্যারিস্টার জায়মা রহমান কৃতিত্বের সাথে বার-অ্যাট ল’ অর্জন করেন।