ডেইলিদর্পণ ডেস্ক
প্রকাশ: ১৯:২৭, ১৮ অক্টোবর ২০২৫
ছবি: সংগৃহীত
সারাদেশে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত (এক দিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও ৬১৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১২৬ জন, চট্টগ্রাম বিভাগে ১০৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৪ জন, ঢাকা উত্তর সিটিতে ১১৭ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৭৬ জন, খুলনা বিভাগে ৪৩ জন, ময়মনসিংহে ৩৩ জন, রাজশাহীতে ৭৫ জন এবং সিলেট বিভাগে ১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
এদিকে গত এক দিনে সারাদেশে ১,১২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ৫৫ হাজার ৯৬৩ জন রোগী ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারাদেশে মোট ৫৮ হাজার ৮৯৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৪৪ জনের।