নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:১৩, ১ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৯:১০, ১ এপ্রিল ২০২৬
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। ছবি- সংগৃহীত
দেশব্যাপী হাম প্রতিরোধে জরুরি ভিত্তিতে টিকাদান কার্যক্রম আগামী রোববার থেকে মাঠপর্যায়ে শুরু করতে যাচ্ছে সরকার। ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের এই কার্যক্রমের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে হাম টিকা কার্যক্রম ও সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আগামী রোববার থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বাংলাদেশের ইতিহাসে স্বল্পতম সময়ের মধ্যে একটা ন্যাশনাল ইমারজেন্সি ভ্যাকসিন ক্যাম্পেইন আমরা করতে যাচ্ছি। ইতিহাসে কখনো আগে এত স্বল্প সময়ের মধ্যে এরকম ক্যাম্পেইন চালু হয়নি।’
তিনি বলেন, ‘রোববার থেকে আমরা ফিল্ড লেভেলে ভ্যাকসিন পুশ শুরু করব ইনশাল্লাহ। শুরু করার জন্য কালকে এবং পরশুদিন দুইদিন আমরা মেটেরিয়াল সাপ্লাই দেব প্রত্যেকটা উপজেলায়।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে টিকা সংগ্রহ ও সরবরাহের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইউনিসেফ থেকে টিকা ক্রয়ের প্রক্রিয়াও শেষ পর্যায়ে রয়েছে এবং বিদ্যমান টিকার ঘাটতি দ্রুত পূরণ করা হচ্ছে। আগামী দুই দিনের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় প্রয়োজনীয় টিকা ও সরঞ্জাম পৌঁছে দেওয়া হবে।’
তিনি বলেন, ‘টিকাদান কার্যক্রম নির্বিঘ্ন করতে মাঠপর্যায়ের সকল স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করা হয়েছে।’
এটি কোনো স্বল্পমেয়াদি ক্যাম্পেইন নয় বরং জরুরি ভিত্তিতে শুরু হওয়া একটি ধারাবাহিক টিকাদান কার্যক্রম, যা নিয়মিত ইপিআই কর্মসূচির পাশাপাশি চলমান থাকবে।
কতদিন এই টিকাদান কর্মসূচি চলবে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে যতদিন প্রয়োজন, ততদিন এই কার্যক্রম চলবে। কোথাও যদি কোনো কারণে সময় বেশি লাগে, সেক্ষেত্রেও কার্যক্রম বন্ধ হবে না। টিকাদান যেমন চলবে, তেমনি চিকিৎসা সেবাও অব্যাহত থাকবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি পরিস্থিতি সামাল দিতে।
ইমারজেন্সি স্টার্ট অফ দ্য ভ্যাক্সিনেশন এটা কন্টিনিউ করব। ইপিআই স্কিম রুটিন যেটা, ওটা চলমান থাকবে। আমরা অতীতের সরকারের মতো এটাতে কোনো গ্যাপ সৃষ্টি করব না।
হাম পরিস্থিতি তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রাথমিক পর্যায়ে কিছু শিশুর মৃত্যু ঘটলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। সরকার জরুরি ভিত্তিতে ভেন্টিলেটর সরবরাহ, আইসিইউ বেড বৃদ্ধি এবং চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগের মাধ্যমে চিকিৎসাসেবা জোরদার করেছে। মানিকগঞ্জসহ বিভিন্ন স্থানে নতুন আইসিইউ সুবিধাও চালু করা হয়েছে।
৯ মাস ও ১৫ মাস বয়সে যে টিকা দেওয়া হতো, সেটা ছয় মাসে নিয়েছেন। ক্লিনিক্যাল স্টাডি করেছেন কি না—এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকাদানের বয়সসীমা নির্ধারণে জাতীয় বিশেষজ্ঞ কমিটির সুপারিশ অনুযায়ী ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের এই কার্যক্রমের আওতায় আনা হচ্ছে।