বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৯:২৪, ১ এপ্রিল ২০২৬
শাকিবের ‘রকস্টার’। ছবি- সংগৃহীত
ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘রকস্টার’ আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মুক্তির প্রস্তুতি নিচ্ছে। গত শনিবার (২৮ মার্চ) সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।
পরিচালক আজমান রুশো পরিচালিত সিনেমার প্রথম ধাপের শুটিং সম্প্রতি মালয়েশিয়ায় সম্পন্ন হয়েছে। পাঁচ দিনব্যাপী শুটিংয়ে অংশ নিয়েছেন শাকিব খান। শুটিং শেষে তিনি দেশে ফিরে ঢাকায় সিনেমার পরবর্তী অংশের কাজ শুরু করেছেন।
সিনেমা-সংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছে, মালয়েশিয়া থেকে সফলভাবে শুটিং শেষ করে পুরো টিম ঢাকায় ফিরে এসেছে। এ মাসের প্রথম সপ্তাহ থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে টানা ২৩ দিন শুটিং চলবে। এর মধ্যে একদিন শ্রীমঙ্গলে শুটিং করার পরিকল্পনা রয়েছে। শুটিং শেষ হওয়ার পরই ঈদুল আজহায় মুক্তির প্রস্তুতি শুরু হবে।
‘রকস্টার’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলা। পরিচালক আজমান রুশোর গল্পে চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি, এবং সংলাপ রচনা করেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া।
এরই মধ্যে শাকিব খানের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে সিনেমার ফার্স্ট লুক। উল্লেখ, এই সিনেমায় প্রথমবারের মতো শাকিব খানকে রক মিউজিশিয়ানের চরিত্রে দেখা যাবে। চরিত্রের জন্য তিনি গিটার বাজানোও শিখেছেন।