বিনোদন ডেস্ক
প্রকাশ: ২০:৩০, ৫ মে ২০২৬
ছবি: সংগৃহীত
ঢালিউডের অন্যতম সুপারস্টার শাকিব খান। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এলো তার অভিনীত নতুন সিনেমা ‘রকস্টার’-এর অফিশিয়াল টিজার। শাকিব নিজেই টিজারটি প্রকাশ করেছেন। প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে ভক্তদের ভালোবাসার ঝড় উঠেছে।
শাবিক টিজারের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘একটা ঝড় অনেকদিন ধরে পথ খুঁজছিল। এবার সে আসছে পর্দা কাঁপাতে।’
এক মিনিটের ২০ সেকেন্ডের ‘রকস্টার’-এর টিজারে শাকিব খানকে দেখা গেছে একদমই ভিন্ন ও বিধ্বংসী এক সাজে। কনসার্ট মাতানো থেকে শুরু করে দুর্ধর্ষ অ্যাকশন- সবখানেই এই মেগাস্টার নিজের উপস্থিতির জানান দিয়েছেন।
টিজারেই গান, উন্মাদনা আর বিনোদনের এক ভিন্নধারার স্বাদ পেতে যাচ্ছে দর্শক। এটি মূলত একটি মিউজিক্যাল অ্যাকশন থ্রিলার হতে যাচ্ছে, যেখানে একজন রকস্টারের জীবন ও সংগ্রামের গল্প ফুটে উঠবে।
ঈদুল আজহায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। শাকিব ভক্তদের জন্য এটি হতে যাচ্ছে ঈদের সবচেয়ে বড় উপহার। পরিচালক আজমান রুশোর নির্মাণে এই সিনেমায় শাকিব খানের লুক এবং স্টাইল ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।