ঢাকা,মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

২৩ আষাঢ় ১৪৩৩

বিক্ষোভের ভিডিও করে সড়ক ছাড়ে নিষিদ্ধ ছাত্রলীগ, পরে ফেসবুকে আপলোড

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ১৮:৪৮, ২২ জুন ২০২৬

বিক্ষোভের ভিডিও করে সড়ক ছাড়ে নিষিদ্ধ ছাত্রলীগ, পরে ফেসবুকে আপলোড

ছবি- সংগৃহীত

ময়মনসিংহের ফুলপুরে দুই মিনিটের বিক্ষোভ মিছিলের ভিডিও ধারণ করে সড়ক ছেড়ে চলে যায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয় তারা।

সোমবার (২২ জুন) সকালে ফুলপুর উপজেলার ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের হোসেনপুর কলেজের সামনে এ ঘটনা ঘটে। সেখানে প্রায় দুই মিনিটের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ফুলপুর উপজেলা শাখার উদ্যোগে এ ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে নেতৃত্ব দেন ফুলপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম আহমেদ শাওন। এতে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জুয়েল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল হাসান মিলন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সোহেল ইমরান, উপজেলা যুবলীগ নেতা শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ নেতা আশিকুজ্জামান হৃদয়সহ আরও অনেকে।

এ বিষয়ে ফুলপুর থানার ওসি ফিরোজ হোসেন বলেন, ‘বিক্ষোভের ঘটনাটি জানতে পেরেছি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’