মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৭:০৪, ২৮ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৮:২৮, ২৮ নভেম্বর ২০২৫
ছবি: ডেইলি দর্পণ
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স সার্জারি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. মাহাবুব আবির সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসিয়েছেন সহকর্মী এবং রোগীরা।
বুধবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), ডি-অর্থো (নিটোর) ডিগ্রিধারী ডা. মাহাবুব আবিরকে অর্থো-সার্জারি বিভাগে সহকারী সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়।
এ উপলক্ষে মাদারীপুরের ভূরঘাটাস্থ নূর জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী, পাশাপাশি রোগী ও তাদের স্বজনরা অংশ নিয়ে তাকে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নূর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বলেন, `ডা. মাহাবুব আবিরের এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয় বরং পুরো এলাকার জন্য গর্বের বিষয়। রোগীদের প্রতি তার আন্তরিকতা ও নিষ্ঠা প্রশংসার যোগ্য।'
সংবর্ধনায় আবেগঘন কণ্ঠে ডা. মাহাবুব আবির বলেন, সরকার যে নতুন দায়িত্ব তার ওপর অর্পণ করেছে, তা যেন তিনি সঠিকভাবে পালন করতে পারেন এবং আজীবন রোগীদের সেবায় নিজেকে নিবেদিত রাখতে পারেন—সে জন্য সবার দোয়া কামনা করেন। তিনি আরও বলেন, এই ভালোবাসা ও সম্মান তাকে আরও দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করবে।
দীর্ঘদিন ধরে মাদারীপুর ও ফরিদপুর অঞ্চলে তিনি সুনামের সঙ্গে চিকিৎসাসেবা দিয়ে আসছেন। তার দক্ষতা ও মানবিক আচরণে অসংখ্য রোগী উপকৃত হয়েছেন। এ পদোন্নতির খবরে এলাকাজুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।