বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২১:১৭, ৮ নভেম্বর ২০২৫
ছবি: সংগৃহীত
অবশেষে ভক্তদের অপেক্ষার অবসান ঘটল। গতকাল শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে অ্যামাজন প্রাইম ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে বহুল প্রতীক্ষিত সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর তৃতীয় পর্বের ট্রেলার। আগের দুই সিজনের বিপুল জনপ্রিয়তার পর এবার আরও বড় পরিসরে ফিরছে শ্রীকান্ত তিওয়ারি ও তার পরিবারের গল্প।
ট্রেলারে দেখা যাচ্ছে, এবার একেবারে ভিন্ন রূপে হাজির হয়েছেন শ্রীকান্ত। তাকে একজন ‘ওয়ান্টেড ক্রিমিনাল’ হিসেবে ঘোষণা করা হয়েছে, এমনকি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে। পরিস্থিতি এমন দাঁড়ায় যে, পরিবারকে নিয়ে শহর ছাড়তে বাধ্য হন তিনি।
আগের মতোই শ্রীকান্ত তিওয়ারির চরিত্রে অভিনয় করেছেন মনোজ বাজপেয়ি, আর নতুন চমক হিসেবে এবার যুক্ত হয়েছেন অভিনেত্রী নিমরত কৌর। একেবারে অন্য লুকে দেখা গেছে জয়দীপ আহলাওয়াতকে, যিনি ট্রেলারে বিশেষ নজর কেড়েছেন। সিরিজের স্বকীয় রসিকতাও বজায় থাকছে- কমেডি ও থ্রিলের মিশেলে তৈরি এই নতুন সিজন এরই মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
ট্রেলার প্রকাশের পর নেটিজেনদের প্রতিক্রিয়া ছিল দারুণ ইতিবাচক। কেউ লিখেছেন, ‘জেকে ও শ্রীকান্তের কৌতুকই সিরিজের প্রাণ।’ আবার কেউ বলছেন, ‘জয়দীপ আহলাওয়াতের যোগদানই সিরিজের সেরা সিদ্ধান্ত। মনোজ স্যার দুর্দান্ত, কিন্তু জয়দীপ স্যারের তুলনা নেই।’
‘দ্য ফ্যামিলি ম্যান ৩’–এ আরও অভিনয় করেছেন শারীব হাশমি, প্রিয়ামনি, আশলেশা ঠাকুর, বেদান্ত সিনহা, শ্রেয়া ধনওয়ান্তারি এবং গুল পানাগ।
ভক্তদের ক্যালেন্ডারে দিনটি মার্ক করে রাখুন- আগামী ২১ নভেম্বর প্রিমিয়ার হবে ‘দ্য ফ্যামিলি ম্যান’–এর তৃতীয় পর্ব, এক্সক্লুসিভলি অ্যামাজন প্রাইম ভিডিওতে।