ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

২ পৌষ ১৪৩২

ঢাকা-১৭ আসনে এমপি প্রার্থী হচ্ছেন হিরো আলম

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪:৪১, ৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৬:৫৬, ৬ নভেম্বর ২০২৫

ঢাকা-১৭ আসনে এমপি প্রার্থী হচ্ছেন হিরো আলম

এমপি প্রার্থী হচ্ছেন হিরো আলম। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। কয়েক দফা নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় আসা এই স্বতন্ত্র প্রার্থী এবার রাজধানীর মর্যাদাপূর্ণ আসন ঢাকা-১৭ থেকে নির্বাচনে নামতে চলেছেন।

রোববার (২ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপে হিরো আলম জানান, তিনি এবার বগুড়া নয়, ঢাকাতেই ভাগ্য পরীক্ষা করবেন। এই আসনের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন আন্দালিব রহমান পার্থ, যিনি বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এছাড়াও জামায়াতে ইসলামি বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ আরও কয়েকটি দলের প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে। হিরো আলম এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছেন, তবে তিনি জানিয়েছেন যে কয়েকটি রাজনৈতিক দল তার সঙ্গে যোগাযোগ করছে।

হিরো আলম বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণ আমার কাছে শুধু জয়ের লড়াই নয়, এটি এক ধরনের প্রতিবাদও। আমি আগেও প্রতিবাদের অংশ হিসেবে নির্বাচনে গিয়েছি, এবারও যাচ্ছি। দেশের মানুষ এখন চায় একটি সুষ্ঠু নির্বাচন। আমি চাই জনগণ ভোট দিতে উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে যাক। আমি ১০০ ভোট পেলেও তাতে আপত্তি নেই, কিন্তু নির্বাচনটা যেন হয় নিরপেক্ষ ও শান্তিপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘বিভিন্ন দলের নেতাদের সঙ্গে আলোচনা চলছে। তারা কিছু প্রস্তাব দিয়েছেন, সেগুলো আমি বিবেচনা করছি। যদি মতের মিল হয়, তাহলে কোনো দলে যোগ দিতে পারি, না হলে আগের মতোই স্বতন্ত্র প্রার্থী হব।’

নিজেকে নিম্নবিত্ত শ্রেণির প্রতিনিধি দাবি করে হিরো আলম বলেন, ‘আমি সংসদে যেতে চাই শ্রমজীবী, প্রান্তিক ও অবহেলিত মানুষের কণ্ঠস্বর হয়ে। কারণ এই দেশের আসল শক্তি ওই পরিশ্রমী মানুষদের মধ্যে। তারাই ঘাম ঝরিয়ে দেশ চালায়, কিন্তু রাষ্ট্রীয় সুবিধা থেকে বঞ্চিত হয় বারবার। আমি তাদের অধিকার নিয়ে কাজ করতে চাই।’

ঢাকা-১৭ আসনে অন্তর্ভুক্ত এলাকা হলো ঢাকা ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, বারিধারা, মহাখালী ও মিরপুরের কিছু অংশ। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। এর আগেও হিরো আলম এই আসন থেকেই উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রথমবারের মতো বগুড়া থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাইয়ে প্রার্থিতা বাতিল হলেও পরে আদালতের আদেশে তা ফিরে পান এবং ‘সিংহ’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে ভোটের দিন কারচুপির অভিযোগ তুলে তিনি নির্বাচন বর্জন করেন।

পরে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুর পর অনুষ্ঠিত উপনির্বাচনেও অংশ নেন হিরো আলম। সেই নির্বাচনে ভোটের দিন এক কেন্দ্রে তার ওপর হামলার ঘটনা ঘটে, যা আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।