ডেইলিদর্পণ ডেস্ক
প্রকাশ: ২২:০৪, ৩০ এপ্রিল ২০২৬
ছবি: সংগৃহীত
বিশ্ব টিকাদান সপ্তাহ ২০২৬ উপলক্ষে জনস্বাস্থ্যের সুরক্ষায় টিকাদানের গুরুত্ব ছড়িয়ে দিতে ব্র্যাক ইউনিভার্সিটি-এর স্কুল অব ফার্মেসির উদ্যোগে ‘ইমিউনাইজেশন ফর অল’ (সবার জন্য টিকাদান) শীর্ষক সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর এবং স্কুল অব ফার্মেসির ডিন প্রফেসর আরশাদ মাহমুদ চৌধুরী, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ড. শারমিন্দ নীলোৎপল এবং ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ও কন্ট্রোলার অব এক্সামিনেশনস ড. ডেভিড ডাউল্যান্ড।
আজকের এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন বাংলাদেশের কিংবদন্তি পপ গায়ক, চলচ্চিত্র পরিচালক ও সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ।
একটি স্বাস্থ্যকর ও রোগমুক্ত সমাজ গঠনে টিকাদানের অপরিহার্য ভূমিকার ওপর আলোকপাত করতে এই সেশনে শিক্ষক, শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ একত্রিত হন।
অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের রেসপিরেটরি মেডিসিন বিভাগের অধ্যাপক এবং এশিয়ান প্যাসিফিক সোসাইটি অব রেসপিরোলজি ও বাংলাদেশ লাং ফাউন্ডেশনের নেতা অধ্যাপক আব্দুস শাকুর খান। তিনি সংক্রামক ব্যাধি প্রতিরোধ এবং জনস্বাস্থ্যের উন্নয়নে সঠিক সময়ে টিকাদানের গুরুত্ব ব্যাখ্যা করেন।
পরিশেষে, সিনোভিয়া ফার্মা পিএলসি-এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) লাকি সিনহা সমাপনী বক্তব্যের মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো টিকাদান নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত করেন।