ফারুক হোসেন
প্রকাশ: ১৮:২৩, ২৭ ডিসেম্বর ২০২৫
খুদে ফুটবলার সোহান। ছবি: সংগৃহীত
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু চাঁদপুরের মতলব উত্তর উপজেলার খুদে ফুটবলার সোহান। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘খুদে মেসি’ হিসেবে পরিচিত ৬ বছরের ফুটবল প্রতিভা সোহান আবারও আলোচনায়। এবার তার বড় আকাঙ্ক্ষা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে ছুটিতে গ্রামের বাড়িতে এসে শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সোহান তার ব্যক্তিগত ইচ্ছা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমি তারেক রহমানের সঙ্গে দেখা করতে চাই। আপনারা আমাকে তার সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দিন।’
সোহান আরও জানান, ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিভিন্ন টিভি চ্যানেলে সংবাদ দেখার পর তার মধ্যে এই আকাঙ্ক্ষা জন্মে। সে তারেক রহমানকে দেখতে ও কথা বলতে চান।
উল্লেখ্য, কয়েক মাস আগে সোহানের ফুটবল প্রতিভা প্রথম আলোচনায় আসে ভাইরাল ভিডিওর মাধ্যমে, যেখানে সে বল নিয়ন্ত্রণ এবং ড্রিবল করার দক্ষতা প্রদর্শন করেছিল। পরে বিষয়টি নজরে আসে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তখন তিনি সোহানের পড়াশোনা ও অন্যান্য বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এ ধারাবাহিকতায় তাকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) স্কলারশিপ দিয়ে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হয়। বিকেএসপির মাঠে সে সাফল্যের সঙ্গে পরীক্ষামূলক অনুশীলন সম্পন্ন করেছে।
ফুটবলার সোহানের বাবা মো. সোহেল বলেন, ‘আমাদের পরিবার খুব খুশি যে জাতীয় পর্যায়ে আমার ছেলে আজ প্রাপ্তির মুখে আছে। সে ছুটিতে বাড়িতে এসেছে। আগামী ৩ জানুয়ারি আবার বিকেএসপিতে যোগ দেবে। আমি চাই তার প্রতিভা দেশের জন্য কাজে আসুক।’
চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার গণমাধ্যমকে জানান, ‘এমন প্রতিভাধর শিশুর কাছে দেশপ্রেম ও বড় নেতৃবৃন্দের সঙ্গে দেখা করার আকাঙ্ক্ষা একেবারেই স্বাভাবিক। তার মতো শিশুর প্রতিভা দেশের গর্ব। ভবিষ্যতে জাতীয় পর্যায়ে দেশের নাম উজ্জ্বল করতে পারে। আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করব।’