ফারুক হোসেন
প্রকাশ: ২১:৩৪, ২৬ নভেম্বর ২০২৫
ছবি: ডেইলি দর্পণ
চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনের সহধর্মিণী ইঞ্জিনিয়ার শাহনাজ শারমীন বলেছেন, ‘ধানের শীষ উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতীক। তাই আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
বুধবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার রাঢ়ীকান্দি দারুসসুন্নাত দাখিল মাদ্রাসা মাঠে ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেছেন ৩১ দফা কর্মসূচি। এই কর্মসূচি শুধু একটি রাজনৈতিক অঙ্গীকার নয়, বরং বাংলাদেশের প্রতিটি মানুষের ভোটাধিকার, নাগরিক অধিকার ও অর্থনৈতিক মুক্তির রূপরেখা। এই কর্মসূচি বাস্তবায়নের জন্য এবং মতলব উত্তর ও মতলব দক্ষিণের সার্বিক উন্নয়নের জন্য অতীতের সকল ভেদাভেদ ভুলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনের পক্ষে ঐক্যবদ্ধ থেকে বিপুল ভোটে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে।’
স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শহীদুল্লাহ সরকারের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহম্মদ সোহেল ও ইউনিয়ন যুবদলের সভাপতি মমিনুল ইসলাম সরকারের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক বদিউজ্জামান, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বিল্লাল হোসেন সান্ত, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইলিয়াস, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আরিফ হোসেন প্রমুখ।