মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১২:০২, ১৫ অক্টোবর ২০২৫
মতলব উত্তর উপজেলা। ছবি- ডেইলি দর্পণ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসনের সংবাদ বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন মতলব উত্তরের কর্মরত সংবাদকর্মীরা।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে মতলব উত্তরে কর্মরত সংবাদকর্মীদের সর্বসম্মতিক্রমে উপজেলা প্রশাসনের অধীনস্থ সকল দপ্তরের সংবাদ বর্জনের এই ঘোষণা দেওয়া হয়।
সম্প্রতি মতলব উত্তর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজের ব্যর্থতা ও অনৈতিক কর্মকাণ্ড আড়াল রাখতে প্রকৃত সাংবাদিকদের এড়িয়ে চলছেন। উপজেলার গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশ এবং তথ্য প্রাপ্তি বাধাগ্রস্ত হচ্ছে সাংবাদিকদের। ফলে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব হচ্ছে না।
উপজেলা প্রশাসনের অধীনস্থ বিভিন্ন দপ্তরের সভা ও কর্মকাণ্ডে সাংবাদিকদের এড়িয়ে চলছেন কর্মকর্তারা। বিভিন্ন সভায় সাংবাদিকদের আমন্ত্রণ জানানোর কথা থাকলেও তারা নিরবে সাংবাদিকদের না জানিয়ে সভা সমাপ্ত করছেন। এমনকি সঠিক তথ্য প্রদানেও কালক্ষেপণ ও নানা অজুহাত তৈরি করে সাংবাদিকদের কাছে তথ্য সরবরাহ করছেন না।
এর ফলে জাতীয় ও স্থানীয় সংবাদমাধ্যমে উপজেলা পর্যায়ের সংবাদকর্মীরা যথাসময়ে সংবাদ পরিবেশনে বাধার সম্মুখীন হচ্ছেন। স্থানীয় প্রশাসনের এমন গাফিলতির কারণে সংবাদ প্রচার ও প্রকাশ না হওয়ায় সাধারণ জনগণও বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
তাই মতলব উত্তরে কর্মরত সাংবাদিকরা উপজেলা প্রশাসনের সকল দপ্তরের সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছেন।