জাবি প্রতিনিধি
প্রকাশ: ১৭:১৩, ২২ এপ্রিল ২০২৬
ছবি: ডেইলি দর্পণ
চট্টগ্রাম সিটি কলেজে শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীদের ওপর ছাত্রশিবিরের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ চত্বর থেকে মিছিলটি শুরু করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ সালাম-বরকত হল গেটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে প্রায় দেড় শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এ সময় মিছিলে তারা ‘সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও’, ‘আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই’, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও, গুড়িয়ে দাও’, ‘শিবিরের কালো হাত, ভেঙে দাও, গুড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেন।
সমাবেশে শাখা ছাত্রদলের সদস্যসচিব ওয়াসিম আহমেদ অনীক বলেন, “ছাত্রদল সবসময় সহনশীল ও গণতান্ত্রিক ধারার রাজনীতি চর্চা করে আসছে। কিন্তু আমাদের এই ধৈর্যকে দুর্বলতা ভেবে চট্টগ্রাম সিটি কলেজে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ও মুক্তবুদ্ধি চর্চাকে ব্যাহত করছে। তাই দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, শিবিরের এই বর্বরোচিত হামলা মুক্তচিন্তা ও শিক্ষার পরিবেশের ওপর চরম আঘাত। আমাদের সহনশীলতাকে দুর্বলতা ভেবে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের ওপর যে সহিংসতা চালানো হয়েছে, তা কোনোভাবেই বরদাশত করা হবে না।
তিনি বলেন, যারা পরিকল্পিতভাবে দেশের শিক্ষাঙ্গনগুলোকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ছাত্রদল রাজপথে কঠোর প্রতিরোধ গড়ে তুলবে।
তিনি আরও বলেন, শিবিরকে গুপ্ত ও সন্ত্রাসের রাজনীতি ছেড়ে সুস্থ সহাবস্থানে ফিরতে হবে; অন্যথায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আমরা কঠোর প্রতিরোধ গড়ে তুলব।