ঢাকা,বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

৩১ বৈশাখ ১৪৩৩

জামালপুরে প্রিয়শপের নতুন ৪টি হাব চালু

ডেইলিদর্পণ ডেস্ক

প্রকাশ: ০১:৫২, ৭ নভেম্বর ২০২৫

জামালপুরে প্রিয়শপের নতুন ৪টি হাব চালু

ছবি- সংগৃহীত

দেশের শীর্ষস্থানীয় বি-টু-বি মার্কেটপ্লেস ও ফিনটেক সলিউশন প্রদানকারী প্রতিষ্ঠান প্রিয়শপ সম্প্রতি জামালপুর জেলার চারটি নতুন স্থানে হাব চালু করেছে। এর মাধ্যমে সারা দেশে প্রিয়শপের মোট হাবের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩-এ।

জামালপুরে নতুন হাবগুলো চালুর ফলে প্রতিষ্ঠানটি আরও ১১০টি নতুন রুটে ব্যবসা সম্প্রসারণ করেছে, যার ফলে প্রিয়শপের সারাদেশে রুট কভারেজ এখন ১,৩০৮-এ পৌঁছেছে। এই উদ্যোগের মাধ্যমে দেশের প্রায় ১ লাখ ৫১ হাজারেরও বেশি ক্ষুদ্র ও মাঝারি খুচরা ব্যবসায়ী (এমএসএমই) প্রিয়শপের সেবার আওতায় আসবে।

জামালপুর জেলা শহর, সরিষাবাড়ি, ইসলামপুর ও মাদারগঞ্জে স্থাপিত নতুন হাবগুলো প্রিয়শপের কার্যক্রমে নতুন গতি যোগ করেছে। এসব হাবের মাধ্যমে প্রতিষ্ঠানটি ২৮০টিরও বেশি দেশীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের সংযোগ স্থাপন করে দ্রুত ও নির্ভরযোগ্য পণ্য সরবরাহ নিশ্চিত করবে। এর ফলে খুচরা দোকান মালিকরা আর পাইকারি বাজারে যেতে বাধ্য হচ্ছেন না—তাদের সময় ও পরিচালন ব্যয় উভয়ই সাশ্রয় হচ্ছে।

প্রিয়শপের নির্বাহী পরিচালক শহীদুল্লাহ আল মাহমুদ বলেন, ‘আমাদের লক্ষ্য বাংলাদেশের প্রতিটি প্রান্তের মুদি দোকানিদের কাছে পৌঁছে যাওয়া। জামালপুরে নতুন চারটি হাব উদ্বোধন সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন। আগে শুধুমাত্র বড় শহরগুলোতেই উন্নত ব্র্যান্ড ও ব্যবসায়িক সহায়তা পাওয়া যেত। এখন সারাদেশে ৩৩টি হাব চালু থাকায় সরিষাবাড়ি, ইসলামপুর ও আশপাশের খুচরা বিক্রেতারাও একই মানের সেবা পাচ্ছেন।’

প্রিয়শপের এই সম্প্রসারণ জামালপুর অঞ্চলে নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে এবং স্থানীয় খুচরা ব্যবসায়িক ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করবে। তাদের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে মুদি দোকানিরা এখন জামানত-মুক্ত ঋণ সুবিধা, তাৎক্ষণিক পণ্য ডেলিভারি এবং সঠিক দামে রিস্টক সুবিধা পাচ্ছেন।

বর্তমানে প্রিয়শপ বাংলাদেশের ৩৩টি প্রযুক্তিনির্ভর হাবের মাধ্যমে দেশব্যাপী ব্র্যান্ড ও খুচরা বিক্রেতাদের একক প্ল্যাটফর্মে সংযুক্ত করছে। এর ফলে সরবরাহ ব্যবস্থাপনা আরও দক্ষ হচ্ছে, খরচ কমছে এবং অংশীদারদের লাভজনকতা বাড়ছে।

গ্রামীণ ও আধা-শহুরে অঞ্চলে এমএসএমই উদ্যোক্তাদের সমান সুযোগ তৈরির মাধ্যমে প্রিয়শপ দেশের অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে। সরবরাহ ব্যবস্থার জটিলতা দূর করে ও আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি হাজারো ক্ষুদ্র ব্যবসায়ীর সাফল্যের সহযাত্রী হয়ে উঠছে।