নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:০২, ১০ ডিসেম্বর ২০২৫
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মাহফুজ আলম পদত্যাগ করেছেন। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় তারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে পদত্যাগপত্র জমা দেন। সরকারের দায়িত্বশীল সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে।
গত জুলাই মাসে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছিলেন। মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন।
২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। ২৩ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদের মধ্যে দুই ছাত্র প্রতিনিধি পদত্যাগ করলেন।
সরকারের দায়িত্বশীল সূত্রগুলো জানায়, গত মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে যমুনায় বৈঠক করেন উপদেষ্টা পরিষদের কিছু সিনিয়র সদস্য। সেখানেই আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমের পদত্যাগের বিষয়টি উঠে আসে। বৈঠক শেষে সন্ধ্যায় সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা নিশ্চিত হন যে, আসিফ মাহমুদ বুধবার পদত্যাগ করবেন।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে গত সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে মাহফুজ আলম এবং আসিফ মাহমুদকে পদত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছিল, তবে তারা সময় চেয়ে আরো কিছুদিন থাকার আবেদন করেন। মাহফুজ আলম সরকারের শেষ সময় পর্যন্ত থাকতে চান, তবে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন না বলে জানান।
সরকার-সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে, সরকার এবং উপদেষ্টা পরিষদের অনেকেই একমত হয়েছেন যে, তপশিল ঘোষণার পর ছাত্র প্রতিনিধি হিসেবে থাকা দুই উপদেষ্টাকে সরকারের অংশ হিসেবে থাকা উচিত হবে না। তাদের পদত্যাগ করা উচিত, নির্বাচনে অংশগ্রহণ করুন বা না করুন।
জুলাই মাসে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের মধ্যে তিনজন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে স্থান পান। এর মধ্যে নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পেয়েছিলেন, আসিফ মাহমুদ প্রথমে শ্রম উপদেষ্টা, পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পান, এবং মাহফুজ আলম শুরুতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে কাজ করছিলেন।