নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:০৩, ১৩ নভেম্বর ২০২৫
ছবি: সংগৃহীত
রাজধানীতে জাতীয় ঈদগাহের পাশে ড্রামে রাখা একজন পুরুষের খণ্ডিত মরদেহের পরিচয় মিলেছে। নিহত ব্যক্তির নাম আশরাফুল হক। তিনি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের নয়াপাড়ার আব্দুর রশিদের ছেলে৷
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সোয়া ৭টার দিকে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে এসে পরিচয় শনাক্ত করে। সিআইডির টিম মরদেহের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে পরিচিত বের করে।
তবে কারা কীভাবে তাকে হত্যা করে জাতীয় ঈদগাহের সামনের সড়কে রেখে গেছে তা এখনও বের করতে পারেনি পুলিশ।
এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, ‘আজ বৃহস্পতিবার দুপুর দুইটা থেকে আড়াইটার মধ্যে একটি ভ্যানে দুজন ব্যক্তি এসে ড্রাম দুটি রাস্তার পাশে রেখে যায়। স্থানীয়রা এতটুকু বলতে পারছে। সন্ধ্যার দিকে যখন দুর্গন্ধ ছড়ায় তখন পুলিশকে খবর দিলে ড্রাম খুলে চালের মধ্য থেকে কালো পলিথিনে মোড়ানো খণ্ডিত মরদেহ বের করা হয়।’
তিনি জানান, ‘আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে পরবর্তীতে জড়িতদের শনাক্তে চেষ্টা করা হবে।’
বিকাল সাড়ে ৫টার দিকে হাইকোর্টের দক্ষিণ পাশে থাকা পানির পাম্প সংলগ্ন সামনের সড়কের ফুটপাতের নিচে একটি ড্রাম ফেলে যান কয়েকজন ব্যক্তি। পরে সেটি খুলে দেখা যায়, এক ব্যক্তির মাথাসহ শরীরের বিভিন্ন খণ্ডিত অংশ। তবে শরীরের বাকি অংশগুলো উদ্ধার হয়নি।